ডেঙ্গু প্রতিরোধে ঝালকাঠিতে সচেতনতামূলক র‍্যালি

ঝালকাঠি প্রতিনিধি প্রকাশিত: জুন ৬, ২০২৬, ০৫:২৪ পিএম
ডেঙ্গু প্রতিরোধে ঝালকাঠিতে সচেতনতামূলক র‍্যালি

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঝালকাঠিতে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় থেকে র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে নেতৃত্ব দেন ঝালকাঠির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ, ঝালকাঠি সদর হাসপাতালের মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আবুয়াল হাসানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বিভিন্ন বার্তা সম্বলিত ব্যানার ও ফেস্টুন বহন করেন। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।

আয়োজকেরা জানান, ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে বাসাবাড়ি এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং জনসচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। র‍্যালি শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

এএন