অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

রাকিবুল হাসান, রাজশাহী প্রকাশিত: জুন ৬, ২০২৬, ০৫:২৮ পিএম
অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

রাজশাহী মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ, ছিনতাই প্রতিরোধ ও অপরাধ দমনে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সহযোগিতা কামনা করে মতবিনিময় সভা করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

শনিবার দুপুর ১২টায় আরএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে রাজশাহীস্থ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

সভায় পুলিশ কমিশনার বলেন, রাজশাহী মহানগরীকে আরও সুশৃঙ্খল, নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে সংকট ব্যবস্থাপনা, অপরাধ প্রতিরোধ এবং অপরাধ উদ্ঘাটনে তাদের অভিজ্ঞতা বর্তমান পুলিশিং কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করবে।

তিনি মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখা, মাদক নিয়ন্ত্রণ, ছিনতাই প্রতিরোধ এবং সামগ্রিক অপরাধ দমন কার্যক্রম জোরদারে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক ও ছিনতাই নিয়ন্ত্রণ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানান তারা।

সভায় আরও উপস্থিত ছিলেন আরএমপির উপ-পুলিশ কমিশনার (সদর), উপ-পুলিশ কমিশনার (ফোর্স), বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি), আরএমপির মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড সিটিটিসি), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) এবং রাজশাহীস্থ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা।

সভা শেষে পারস্পরিক আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে ভবিষ্যতে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এএন