জাতীয় পর্যায়ের প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে একের পর এক দুর্দান্ত জয়ে ফাইনাল খেলার কৃতিত্ব অর্জন করেছে ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা ফুটবল দল।
রোববার টুর্নামেন্টের সেমিফাইনালে ঢাকা জেলার ধামরাই উপজেলার নিকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-০ গোলে পরাজিত করে নান্দাইল বালিকা ফুটবল দল ফাইনালে উঠে। ক্ষুদে ফুটবল দলের এই ঐতিহাসিক অর্জনে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য (ময়মনসিংহ-৯) এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
মাঠের এই লড়াইয়ে তাদের সুযোগ্য নেতৃত্ব ও দিকনির্দেশনা দিয়েছেন নান্দাইল উপজেলা নারী ফুটবল একাডেমীর পরিচালক ও দলের কোচ শিক্ষক মো. দেলোয়ার হোসেন উজ্জল। মাঠে ক্ষুদে ফুটবলারদের অদম্য নৈপুণ্য এবং লড়াকু মানসিকতা দর্শকদের মুগ্ধ করেছে।
এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, “মাঠে আমাদের দল যে অদম্য নৈপুণ্য ও লড়াইয়ের মানসিকতা দেখিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। এই অর্জন পুরো নান্দাইলবাসীকে গর্বিত করেছে। আমি নান্দাইল দলের সকল ফুটবলার, কোচ, টিম ম্যানেজমেন্ট এবং সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।”
তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, “ইনশাআল্লাহ, বিজয়ের এই ধারা বজায় রেখে আমাদের দল আরও অনেক দূর এগিয়ে যাবে। আমরা বিশ্বাস করি, ফাইনালেও নান্দাইলের মেয়েরা শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রাখবে।”
নান্দাইল উপজেলার ক্রীড়াপ্রেমী মানুষ ও অভিভাবকরা মনে করছেন, ক্ষুদে এই ফুটবলারদের এমন সাফল্য দেশের নারী ফুটবলের অগ্রযাত্রায় নতুন মাত্রা যোগ করবে। এখন সবার অপেক্ষা ফাইনালের লড়াইয়ে নান্দাইলের মেয়েদের আরও একটি দুর্দান্ত জয়ের মাধ্যমে দেশ সেরা চ্যাম্পিয়নশীপ ট্রফি অর্জনের স্বপ্ন চোখে ভাসছে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন