সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যু, শোকে প্রাণ গেল বড়বোনেরও 

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশিত: জুন ৭, ২০২৬, ০৭:৪৬ পিএম
সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যু, শোকে প্রাণ গেল বড়বোনেরও 

গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আনিছুর রহমান (৬৭) চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন। তার মৃত্যুর খবর শুনে বড়বোন রাশিদা বেগম হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এক পরিবারের দুই সদস্যের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রোববার দুপুরে ঢাকার শীপ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনিছুর রহমান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি শ্রীপুর পৌরসভার মাধখলা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, আনিছুর রহমান দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে কয়েকদিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়। রোববার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর বিষয়টি পরিবারকে জানায়।

মৃতের ছোট ভাই হাফিজুর রহমান জানান, চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। আনিছুর রহমানের মৃত্যুর খবর শোনার কিছুক্ষণ পরই তার বড়বোন রাশিদা বেগম গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনিও মারা যান।

আনিছুর রহমান শ্রীপুর পৌরসভা প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘদিন মেয়রের দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

নিহতের স্বজন জাহিদুল আলম রবিন জানান, মরদেহ সোমবার সকালে গ্রামের বাড়ি মাধখলায় নেওয়া হবে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন। তারা তার আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

একই দিনে ভাই-বোনের মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের পরিবেশ বিরাজ করছে।

এম জি