রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম রানীদিঘী এলাকায় এক স্কুলছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগে এক অফিস সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়।
গ্রেপ্তার আজিজুল আলমগীর নগরের কর্ণহার থানার নেপালপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, রোববার দুপুর আড়াইটার দিকে হড়গ্রাম এলাকার একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রবিন (ছদ্মনাম) (১৩) স্কুল ছুটির পর একই প্রতিষ্ঠানের অফিস সহকারী আজিজুল আলমগীরের প্রলোভনের শিকার হয়।
অভিযোগ অনুযায়ী, মিষ্টি খাওয়ানোর কথা বলে ওই শিক্ষার্থীকে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম রানীদিঘী এলাকায় নিজের ভাগ্নির বাড়িতে নিয়ে যান আজিজুল আলমগীর।
অভিযোগে বলা হয়, সেখানে নিজের শয়নকক্ষে নিয়ে শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টা করেন তিনি। একপর্যায়ে ভুক্তভোগী বাড়িতে ফিরে পুরো ঘটনা তার বাবা-মাকে জানায়।
পরে শিশুটির পরিবার বিষয়টি কাশিয়াডাঙ্গা থানা পুলিশকে অবহিত করলে পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত আজিজুল আলমগীরকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন