রাঙামাটি ২৯৯ নং পার্বত্য আসনের সাংসদ দীপেন দেওয়ানের পদত্যাগ প্রত্যাহার ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পুনরায় পার্বত্যমন্ত্রী হিসেবে পূর্ণবহাল রাখার দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯টায় রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পাহাড়ি-বাঙালি সকল জনগোষ্ঠীর অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মঈনুদ্দিনের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি রক্ষায় দীপেন দেওয়ানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তাঁরা দাবি করেন, তাঁর পদত্যাগের পেছনে একটি ষড়যন্ত্র কাজ করেছে এবং যে কারণে তিনি পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন, তা গ্রহণযোগ্য নয়।
বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রামের মানুষের প্রত্যাশা ও স্বার্থ বিবেচনা করে দীপেন দেওয়ানকে পুনরায় পার্বত্যমন্ত্রী হিসেবে বহাল রাখা হোক।
মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক উপসচিব কৃষ্ণ চন্দ্র চাকমা, সাবেক অধ্যক্ষ বাঞ্চিতা চাকমা, বিএনপি নেতা ও ব্যবসায়ী আমীর ছাবের, মারমা সম্প্রদায়ের নেতা মংসুইনপ্রু মারমা, মানবাধিকার কর্মী লুমা লুসাই, বিএনপি পেশাজীবী নেতা মঈনুদ্দিন মাস্টার, সমাজসেবক টিটু মিল্কি, সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরী, সমাজকর্মী রাবেয়া সুলতানা সহ আরও অনেকে।
কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী হিসেবে পুনর্বহালের দাবি জানানো হয়।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন