নাগরপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: জুন ১০, ২০২৬, ০৩:৪০ পিএম
নাগরপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

টাঙ্গাইলের নাগরপুরে কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, উদ্যোক্তা উন্নয়ন এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (আইএফএডি)-এর সহযোগিতায় দিনব্যাপী এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. এরফান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি টাঙ্গাইলের উপপরিচালক কৃষিবিদ মো. আশেক পারভেজ। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এস. এম. রাশেদুল হাসান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ফয়সাল মাহমুদ এবং পবিত্র গীতা পাঠ করেন উপসহকারী কৃষি কর্মকর্তা তুষার সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আ. মমিন, জেলা প্রশিক্ষণ অফিসার মো. দুলাল উদ্দিন, বিআরডিবি চেয়ারম্যান আহম্মদ আলী রানা, উপজেলা যুবদলের (ভারপ্রাপ্ত) আহবায়ক নাজমুল হক স্বাধীন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা ও কৃষক দলের সভাপতি হুমায়ন কবীর প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ মো. আশেক পারভেজ বলেন, দেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে আরও পুষ্টিসমৃদ্ধ, উদ্যোক্তাবান্ধব এবং জলবায়ু সহনশীল করতে ‘পার্টনার’ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি সম্প্রসারণে এ ধরনের কংগ্রেস কার্যকর ভূমিকা পালন করবে বলেও তিনি উল্লেখ করেন।

সভাপতির বক্তব্যে ইউএনও মো. এরফান উদ্দিন কৃষি খাতের উন্নয়নে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং কৃষকদের মাঠপর্যায়ের অর্জিত জ্ঞান ও প্রযুক্তি কাজে লাগিয়ে উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

কংগ্রেস শেষে অংশগ্রহণকারী কৃষকরা তাদের মাঠ পর্যায়ের অভিজ্ঞতা ও সফলতার গল্প তুলে ধরেন। এ সময় আধুনিক কৃষি প্রযুক্তি ও উদ্ভাবনী কৃষি কার্যক্রমও প্রদর্শন করা হয়।

কংগ্রেসে উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা ও সুধীজন অংশগ্রহণ করেন।

এএন