মাদারীপুরে হাতুড়ি বাহিনীর প্রধান মাজহারুল গ্রেপ্তার

মো. মহসিন তালুকদার, মাদারীপুর প্রকাশিত: জুন ১০, ২০২৬, ০৫:০২ পিএম
মাদারীপুরে হাতুড়ি বাহিনীর প্রধান মাজহারুল গ্রেপ্তার

মাদারীপুরের রাজৈরে সাধারণ মানুষের মাঝে ত্রাস সৃষ্টিকারী আলোচিত ‘হাতুড়ি বাহিনী’র প্রধান এবং একাধিক মামলার এজাহারনামীয় আসামি মাজহারুল শেখ (৪০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‍্যাব। বুধবার (১০ জুন) রাজৈর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আমিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃত মাজহারুল রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর এলাকার নজরুল শেখের ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে মাদারীপুর জেলাসহ বিভিন্ন থানায় চাঁদাবাজি, ছিনতাই ও নৃশংস হামলাসহ অন্তত ৮টি মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে রাজৈর থানার ওসি শেখ আমিনুল ইসলাম জানান, মাজহারুল দীর্ঘদিন ধরে এলাকায় একটি ‘হাতুড়ি বাহিনী’ গঠন করে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। নিজেকে রক্ষা করতে সে বিভিন্ন সময় রাজনৈতিক ছত্রছায়ায় ঘেঁষত এবং সুবিধাভোগী হিসেবে নিজের অপকর্মের দায় থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ মে সন্ধ্যায় রাজৈর বাজারে সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর খানের (৫০) গতিরোধ করে মাজহারুল ও তার দলের একদল সন্ত্রাসী। জাহাঙ্গীর খানের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা লোহার হাতুড়ি দিয়ে পিটিয়ে জাহাঙ্গীরের দুই পা, পিঠ ও মাথাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম করে।

প্রকাশ্য বাজারে ঘটে যাওয়া এই নৃশংস হামলার একটি ভিডিও পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটি ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে ব্যাপক ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে সোচ্চার হয় স্থানীয় জনগণ।

নৃশংস এই হামলার ঘটনায় আহত জাহাঙ্গীর খানের স্ত্রী বাদী হয়ে গত ৩১ মে রাজৈর থানায় একটি মামলা (মামলা নং- ৪৩) দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফরিদুজ্জামান অভিযান চালিয়ে ইতিপূর্বে ঘটনার সাথে জড়িত ৪ আসামিকে গ্রেপ্তার এবং হামলায় ব্যবহৃত একটি হাতুড়ি উদ্ধার করেন।

তবে ঘটনার পর থেকেই প্রধান আসামি মাজহারুল এলাকা ছেড়ে পলাতক ছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে রাজৈর থানা পুলিশ ও র‍্যাব-১৪-এর একটি চৌকস দল যৌথ অভিযান চালিয়ে জামালপুর সদর এলাকা থেকে মাজহারুলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

রাজৈর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মাজহারুলকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে মাদারীপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং এ ধরনের গ্যাং কালচার নির্মূল করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এএন