গৌরীপুরে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের মতবিনিময়

মো. হুমায়ুন কবির, গৌরীপুর (ময়মনসিংহ) প্রকাশিত: জুন ১১, ২০২৬, ১২:৪৩ এএম
গৌরীপুরে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের মতবিনিময়

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সঙ্গে গৌরিপুর উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল ৫টায় গৌরীপুর উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ। সভা সঞ্চালনা করেন পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিস।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে। জনগণের ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি জনগণের পাশে থেকে তাদের সুখ-দুঃখে অংশীদার হতে হবে। একই সঙ্গে আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আজহারুল ইসলামসহ উপজেলা ও পৌর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মতবিনিময় সভায় স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি, দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদারকরণ, আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি এবং তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বিএনপির ঘোষিত কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভা শেষে প্রধান অতিথি দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এম জি