দীঘিনালায় ইনভেশন আইডি বিজ্ঞান মেলা অনুষ্ঠিত 

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি প্রকাশিত: জুন ১২, ২০২৬, ০৫:২৯ পিএম
দীঘিনালায় ইনভেশন আইডি বিজ্ঞান মেলা অনুষ্ঠিত 

‘মেধা, বিজ্ঞান ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির দীঘিনালায় উপজেলা পর্যায়ে Startup Science Project and Innovation Showcasing Program অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিল পারভেজ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, দীঘিনালা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক মো. সোহেল রানা, দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ চন্দ্র দাশ এবং উত্তর রেংয়াক্যাযা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উষা আলো চাকমা।

দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এ কে এম বদিউজ্জামাল জীবনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান।

আলোচনা সভায় প্রধান অতিথি মো. মোশাররফ হোসেন বলেন, Startup Science Project and Innovation Showcasing Program এর মাধ্যমে শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি তাদের সৃজনশীলতা ও মেধার বিকাশ ঘটানোর সুযোগ পাবে। নতুন নতুন উদ্ভাবন দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, দেশের উন্নয়নে তরুণদের উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা সৃষ্টি অত্যন্ত প্রয়োজন, যা বেকারত্ব দূর করতেও সহায়ক হবে।

মেলায় উপজেলার ১১টি শিক্ষাপ্রতিষ্ঠান তাদের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। এর মধ্যে দীঘিনালা বড়াদম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভবিষ্যতের জন্য পানি সংরক্ষণ ও ইউরিন ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের ধারণা উপস্থাপন করে প্রথম স্থান অর্জন করে।

প্রতিযোগিতায় দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয় দ্বিতীয় এবং উদাল বাগান উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান লাভ করে।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে ক্রেস্ট, সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।

এম জি