গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় নির্মাণাধীন ৮২ ফুট উচ্চতার রামমূর্তি ও খোলা আকাশের নিচে স্থাপিত অন্যান্য মূর্তি অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর ‘পলাশবাড়ী ইমাম-ওলামা পরিষদ’ এবং ‘অসাম্প্রদায়িক নাগরিক সমাজ’-এর ব্যানারে পৌর শহরের চারমাথা মোড়ে প্রায় এক ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পলাশবাড়ী ইমাম-ওলামা পরিষদের সভাপতি মাওলানা ছাদেকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা নুরুন্নবীর সঞ্চালনায় মানববন্ধনে হেফাজতে ইসলাম, খেলাফত মজলিস ও জামায়াতসহ বিভিন্ন ইসলামী সংগঠনের নেতারা বক্তব্য দেন। বক্তারা শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির প্রাঙ্গণে নির্মাণাধীন রামমূর্তির প্রকৃত উদ্দেশ্য ও অর্থায়নের উৎস তদন্তের দাবি জানান এবং খোলা স্থানে নির্মিত মূর্তিগুলো অপসারণের আহ্বান জানান। দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তাঁরা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এদিকে, মূর্তিকে কেন্দ্র করে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকেই উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। চারমাথা মোড়, কোমরপুর চৌমাথা এবং হাসবাড়ী মন্দির এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ, র্যাব, বিজিবি ও ডিবি পুলিশ মোতায়েন করা হয়।
পরিস্থিতি পর্যবেক্ষণে মাঠে ছিলেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শাহ মো. তাজুল ইসলাম, গাইবান্ধার পুলিশ সুপার জসিম উদ্দিনসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিভিন্ন স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও দায়িত্ব পালন করেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং সার্বিক পরিস্থিতি শান্ত ও আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন