মাদারীপুর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) মর্যাদাপূর্ণ ‘সিন্ডিকেট সদস্য’ নির্বাচিত হয়েছেন। তাঁর এই নতুন দায়িত্বে অন্তর্ভুক্তির খবরে মাদারীপুর জেলাসহ নিজ নির্বাচনী এলাকার সর্বস্তরের নেতা-কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের মাঝে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।
আনিসুর রহমান তালুকদার খোকন সিন্ডিকেট সদস্য নির্বাচিত হওয়ায় মাদারীপুরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং সুশীল সমাজের প্রতিনিধিরা তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
স্থানীয় নেতা-কর্মীরা আনন্দ প্রকাশ করে বলেন, তাঁর মতো একজন প্রগতিশীল ও দূরদর্শী নেতা দেশের ঐতিহ্যবাহী একটি কৃষি বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী পর্ষদে যুক্ত হওয়া অত্যন্ত গর্বের বিষয়। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর সুদীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও বলিষ্ঠ নেতৃত্বে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, পরিবেশ ও গবেষণার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে। একই সাথে দেশের কৃষি খাতের সার্বিক উন্নয়নেও এই মনোনয়ন ইতিবাচক প্রভাব ফেলবে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন