মাদারীপুরের ঢাকা-বরিশাল মহাসড়কের কালকিনি উপজেলার গোপালপুর এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার সকালে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর থেকে ছেড়ে আসা একটি লোকাল বাস কালকিনির গোপালপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী ‘আই ট্রাভেল পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দুটি বাসের সম্মুখভাগ দুমড়েমুচড়ে যায় এবং চালকদ্বয়সহ অন্তত ২০ জন যাত্রী আহত হন।
দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও পথচারীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) প্রেরণের নির্দেশ দেন। চিকিৎসকদের মতে, এই তিনজনের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
ভয়াবহ এই দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়, ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত বাস দুটি রাস্তা থেকে সরিয়ে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
মস্তফাপুর হাইওয়ে থানার সার্জেন্ট বায়েজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত বাস দুটি মহাসড়ক থেকে সরিয়ে বর্তমানে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরিস্থিতি এখন সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন