সোনারগাঁয়ে মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ০৩:২৬ পিএম
সোনারগাঁয়ে মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার, শিক্ষার মাধ্যমেই এদেশকে এগিয়ে নিয়ে বিশ্ব দরবারে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা করা হবে। এ ক্ষেত্রে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের ‘বিশ্বেশ্বর পোদ্দার’ নামক চার তলা বিশিষ্ট নতুন ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ কথা বলেন। ভবন উদ্বোধন শেষে তিনি বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণও করেন।

নতুন এই ভবনটি নির্মাণ, উদ্বোধন ও অর্থায়নে পৃষ্ঠপোষকতা করেছেন বাংলাদেশ পানাম অফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বাবু অমল পোদ্দার সিআইপি। স্থানীয় অভিভাবকরা জানান, ছাত্র-ছাত্রীদের ক্লাস করার সুবিধার কথা চিন্তা করেই বাবু অমল পোদ্দার এই ভবনটি নির্মাণ করে দিয়েছেন।

উপজেলার সাদীপুর ইউনিয়নের উক্ত বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. নুসরাত ফাতেমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দীন নিজাম (এমপি) এবং নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসিফ আল জিনাত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান ও সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার।

এ ছাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাদীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ভূঁইয়া মাসুম, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকার ও যুগ্ম সম্পাদক রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

জেএইচআর