চট্টগ্রামের রাউজানে যুবদল নেতাকে মাথায় গুলি করে হত্যা

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ০৬:৩৫ পিএম
চট্টগ্রামের রাউজানে যুবদল নেতাকে মাথায় গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজান উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক (প্রকাশ মাসুদ চৌধুরী) নিহত হয়েছেন। 

শনিবার দুপুরে রাউজান উপজেলার পাহাড়তলি এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নিহত মাকসুদুল রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী এলাকার মৃত খালেদ চৌধুরীর ছেলে এবং বেতাগী ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন চৌধুরীর ছোট ভাই। ঘটনার পর রাউজান থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বেলা দেড়টার দিকে মাকসুদুল হক পাহাড়তলি বাজারের একটি ওষুধের দোকানের সামনে অবস্থান করছিলেন। এ সময় সিএনজিচালিত একটি অটোরিকশায় করে ৫ থেকে ৭ জন সশস্ত্র দুর্বৃত্ত সেখানে আসে। তারা মাকসুদুলকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। মাথাসহ শরীরের একাধিক স্থানে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এদিকে যুবদল নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ নেতাকর্মীরা চট্টগ্রাম-কাপ্তাই সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে এবং ড্রাম ফেলে সড়ক অবরোধ করেন। পাশাপাশি পাহাড়তলী এলাকায় বিক্ষোভ মিছিল করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুহাম্মদ বেলায়াত হোসেন বলেন, সন্ত্রাসীদের গুলিতে রাঙ্গুনিয়ার বেতাগীর স্বপন চেয়ারম্যানের ছোট ভাই নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে এসে তাঁকে মৃত অবস্থায় পেয়েছি। ঘটনার তদন্ত চলছে এবং বিস্তারিত পরে জানানো হবে।

জেএইচআর