জয়পুরহাটে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা

জয়পুরহাট প্রতিনিধি প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০৩:৫৩ পিএম
জয়পুরহাটে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা

জয়পুরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এআইএসআইডি (ASSET) প্রকল্পের আওতায় পরিবেশগত ও জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে কলেজের অডিটোরিয়ামে এই কর্মশালার আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ আহসানুল হাবিব খাঁন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আল মামুন মিয়া। কলেজের ইন্সট্রাক্টর (বাংলা) লুতফুন নাহার লুনার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন নাহার, জেলা শিক্ষা অফিসার (অতিঃ দায়িত্ব) ফজলুল হক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেছের আলীসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।

সেমিনারে প্রধান অতিথি বলেন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সংকট। নির্বিচারে বৃক্ষনিধন, জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার এবং পরিবেশ দূষণের কারণে পৃথিবী ধ্বংসের মুখে। এই সংকট থেকে উত্তরণের জন্য সচেতনতা বৃদ্ধি, সবুজায়ন এবং কার্যকর নীতি বাস্তবায়ন অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, মানুষের লোভ এবং অপরিকল্পিত উন্নয়ন প্রকৃতিকে ধ্বংস করছে। কলকারখানার কালো ধোঁয়া ও প্লাস্টিক দূষণের ফলে বৈশ্বিক উষ্ণায়ন বাড়ছে। এই পরিস্থিতি মোকাবিলায় বেশি করে গাছ লাগাতে হবে, নির্বিচারে বন উজাড় বন্ধ করতে হবে এবং পলিথিন বর্জন করে পরিবেশবান্ধব ব্যাগের ব্যবহার বাড়াতে হবে।

জেএইচআর