জীবননগর সীমান্তে ৪টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০৪:২০ পিএম
জীবননগর সীমান্তে ৪টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেদিনীপুর সীমান্তে অভিযান চালিয়ে ৪টি স্বর্ণের বার ও ৪ টুকরা স্বর্ণসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

রোববার সকালে বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের মেদিনীপুর বিওপি ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন।

স্বর্ণসহ আটক মো. সিকান্দার আলী (৫০) উপজেলার গোয়ালপাড়া গ্রামের কাসেদ আলীর ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, মেদিনীপুর সীমান্তের ৬৪ নম্বর সীমান্ত পিলার থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এক ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। এ সময় সীমান্ত এলাকায় টহলরত বিজিবি সদস্যরা তাঁকে আটক করেন। পরে তাঁর দেহ তল্লাশি করে ৪টি স্বর্ণের বার ও ৪ টুকরা স্বর্ণ উদ্ধার করা হয়।

বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম স্বর্ণসহ পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়েরসহ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

জেএইচআর