নকলায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

নকলা (শেরপুর) প্রতিনিধি প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০৬:২৫ পিএম
নকলায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

শেরপুরের নকলায় ২০২৬ ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার বিকেলে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ব্রাজিলের ছোট-বড় পতাকা ও ব্যানার হাতে এই শোভাযাত্রাটি বের করা হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় বিভিন্ন বয়স ও পেশার শতাধিক ব্রাজিল সমর্থক অংশ নেন। তাঁদের হাতে ছিল ব্রাজিলের পতাকা এবং গায়ে ছিল প্রিয় দলের জার্সি। এ সময় দলটির সাফল্য কামনা করে নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। শোভাযাত্রার খবর ছড়িয়ে পড়লে দূর-দূরান্ত থেকে সমর্থকরা দুপুর থেকেই নকলা শহরে জড়ো হতে থাকেন।

মিছিল শেষে সমর্থকরা জানান, বিশ্বনন্দিত ব্রাজিল ফুটবল দলের প্রতি ভালোবাসা ও সমর্থন থেকেই নিজেদের অর্থায়নে এ আয়োজন করা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকার সমর্থকরা এতে অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, অতীতের পাঁচবারের মতো এবারও ব্রাজিল বিশ্বকাপের শিরোপা জিতবে। সমর্থকরা আরও বলেন, ফুটবল সমর্থন ব্যক্তিগত পছন্দের বিষয়। ভিন্ন দলের সমর্থনকে কেন্দ্র করে পারস্পরিক সম্পর্কের অবনতি হওয়া উচিত নয়। তাঁরা ২০২৬ ফুটবল বিশ্বকাপের সফল ও সুষ্ঠু আয়োজনও প্রত্যাশা করেন।

জেএইচআর