চাঁদপুরে খাল দূষণ ও ভরাট করায় দুই রাইস মিল মালিককে জরিমানা

এমরান হোসেন রাজন, চাঁদপুর প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ০৭:৫০ পিএম
চাঁদপুরে খাল দূষণ ও ভরাট করায় দুই রাইস মিল মালিককে জরিমানা

চাঁদপুর শহরের পুরাণ বাজারে অটোরাইস মিলের ধানের তুষ, ছাই এবং ধান সেদ্ধ করার গরম পানি ফেলে খাল দূষণ ও ভরাট করার অপরাধে দুই মিল মালিককে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বি এবং সাজিদ হক এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বিকেলে বিষয়টি নিশ্চিত করেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান।

আদালত সূত্রে জানা গেছে, জেলা পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে শহরের পুরান বাজার এলাকার অটোরাইস মিলগুলোতে অভিযান চালানো হয়। এ সময় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা লঙ্ঘন করে পাশের নাপিতবাড়ি খালে ধানের তুষ, ছাই ও গরম পানি ফেলে পরিবেশের ক্ষতি করার অপরাধে মেসার্স চাঁদপুর অটো রাইস মিলের মালিককে ৫০ হাজার টাকা এবং মেসার্স খাজা বাবা অটোমেটিক রাইস মিলের মালিককে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া। এ সময় পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, নাপিতবাড়ি খালে ফেলে দেওয়া ধানের তুষ ও ছাই অনতিবিলম্বে অপসারণ করে খাল দূষণমুক্ত রাখার জন্য রাইস মিল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরিবেশ রক্ষায় এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

জেএইচআর