কাকা-ভাতিজার সংঘর্ষে বৃদ্ধ কৃষকের মৃত্যু

মিরাজ আহমেদ, মাগুরা  প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ০৮:১৪ পিএম
কাকা-ভাতিজার সংঘর্ষে বৃদ্ধ কৃষকের মৃত্যু

মাগুরা সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের কোদালিয়া শ্রীরামপুর গ্রামে কাকা-ভাতিজার মধ্যে সংঘর্ষের ঘটনায় আরব আলী (৭০) নামে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের দাবি, সংঘর্ষের একপর্যায়ে ছোড়া একটি ইটের আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে সোমবার কোদালিয়া শ্রীরামপুর গ্রামে কাকা ও ভাতিজা পক্ষের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ালে আরব আলী ঘটনাস্থলে গুরুতর আহত হন। পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আরব আলী দীর্ঘদিন ধরে কৃষিকাজের সঙ্গে জড়িত ছিলেন। আকস্মিক এই মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে কাজ চলছে বলে জানা গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে মাগুরা সদর থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অভিযোগের ভিত্তিতে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেএইচআর