টাঙ্গাইলের নাগরপুরে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় দিনব্যাপী ‘পাট উৎপাদনকারী চাষি প্রশিক্ষণ-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার নাগরপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন পাট অধিদপ্তর কর্তৃক ২০২৫-২০২৬ অর্থবছরে বাস্তবায়নাধীন ২য় সংশোধিত প্রকল্পের আওতায় এই কর্মশালার আয়োজন করা হয়। নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. এরফান উদ্দিনের সভাপতিত্বে এবং পাট উন্নয়ন কর্মকর্তা মো. সাঈদুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাট অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সৈয়দ মো. নূরুল বাসির।
বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. আজমত আলী আকন্দ রেজাউল, নারায়ণগঞ্জ অঞ্চলের সহকারী পরিচালক মাহবুব হোসেন, নাগরপুর উপজেলা কৃষি কর্মকর্তা এস.এম. রাশেদুল হাসান, নাগরপুর থানার তদন্ত কর্মকর্তা আব্দুল কুদ্দুস এবং বাসাইল উপজেলা সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. সবুজ মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মো. নূরুল বাছির, পরিবেশবান্ধব ‘সোনালী আঁশ’ পাটের হারানো গৌরব পুনরুদ্ধার এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে আধুনিক প্রযুক্তিনির্ভর পাট চাষের বিকল্প নেই। তিনি উন্নত জাতের বীজ ব্যবহার ও আধুনিক কৃষি প্রযুক্তির মাধ্যমে মানসম্মত পাট ও পাটবীজ উৎপাদনে কৃষকদের এগিয়ে আসার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. এরফান উদ্দিন, ‘পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন’ এবং ‘পাট পণ্য ব্যবহার করুন, পলিথিন বর্জন করুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাট চাষের সম্প্রসারণ ও পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধি করতে হবে। তিনি কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
দিনব্যাপী এই প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক প্রান্তিক কৃষক ও কৃষাণী অংশ নেন। কর্মশালায় আধুনিক প্রযুক্তিনির্ভর পাট চাষাবাদ, উন্নতমানের পাটবীজ উৎপাদন ও সংরক্ষণ, রোগবালাই ব্যবস্থাপনা এবং কম খরচে পাটের আঁশ ছাড়ানোর আধুনিক পদ্ধতি বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে কৃষকরা পাট চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা লাভ করায় সন্তোষ প্রকাশ করেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন