চাঁদপুরে বাসের ধাক্কায় বৃদ্ধা নিহত

এমরান হোসেন রাজন, চাঁদপুর প্রকাশিত: জুন ১৬, ২০২৬, ০৩:১৭ পিএম
চাঁদপুরে বাসের ধাক্কায় বৃদ্ধা নিহত

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে তোফায়েলেন্নেছা মায়া (৬৪) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল আনুমানিক ৮টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বনবিভাগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত তোফায়েলেন্নেছা মায়া বনবিভাগ রোডের পাটওয়ারী বাড়ির মৃত বেলাল পাটওয়ারীর স্ত্রী। তিনি ৪ কন্যা সন্তানের জননী।

চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ওই বৃদ্ধার বাড়িতে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ওই নারী সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ওই সময় চাঁদপুর থেকে ছেড়ে যাওয়া কুমিল্লাগামী বোগদাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই সড়কে ছিটকে পড়ে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত পেয়ে মৃত্যুবরণ করেন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

নিহতের মেয়ে শাহীনা আক্তার জানান, তাঁর মা প্রতিদিন সকালে ওই সড়ক দিয়ে নিয়ম করে হাঁটতেন। আজকেও প্রতিদিনের মতো হাঁটতে বেরিয়েই তিনি এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন।

চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত জানান, দুর্ঘটনার পর সংশ্লিষ্ট পরিবহনটি দ্রুত স্থান ত্যাগ করায় সেটিকে এখনো চিহ্নিত করা সম্ভব হয়নি। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ করা হয়নি। ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতি চেয়ে পরিবারের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) বরাবর আবেদন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেএইচআর