ফুলবাড়ীতে প্রতিবন্ধী সহায়ক উপকরণ বিতরণ ও আলোচনা সভা

জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০৪:০১ পিএম
ফুলবাড়ীতে প্রতিবন্ধী সহায়ক উপকরণ বিতরণ ও আলোচনা সভা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ এবং তাঁদের সফলতা নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইউরোপিয়ান ইউনিয়ন ও পিকেএসএফ-এর ‘পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল-ইউরোপিয়ান ইউনিয়ন’ (পিপিইপিপি-ইইউ) প্রকল্পের অর্থায়ন ও কারিগরি সহযোগিতায় এবং টিএমএসএস-এর বাস্তবায়নে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের দৈনন্দিন জীবনযাত্রা সহজ ও স্বাবলম্বী করতে হুইলচেয়ার, লাঠিসহ প্রয়োজনীয় বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়। একই সঙ্গে প্রকল্পের আওতায় প্রশিক্ষণ ও সহায়তা পেয়ে সফল হওয়া প্রতিবন্ধী ব্যক্তিরা অনুষ্ঠানে নিজেদের স্বাবলম্বী হওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএস-এর যুগ্ম পরিচালক কামরুজ্জামান খান, উপ-নির্বাহী পরিচালক সোহরাব আলী খান, রংপুর ডোমেইন প্রধান শাহীন মিয়া, কনসালটেন্ট সোশ্যাল অ্যাফেয়ার ইসমাইল হোসেন বাদল, ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ হারুন এবং উপজেলা সমাজসেবা অফিসের ইউনিয়ন কর্মী সাইফুর রহমানসহ আরও অনেকে।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজের মূলধারায় প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পৃক্ত করতে সরকারি ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। তাঁরা প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিতকরণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

বক্তারা আরও বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা বিকাশে এ ধরনের টেকসই উদ্যোগ তাঁদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেএইচআর