খুলনায় পুলিশ দম্পতির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতন

নুরুল আমিন, খুলনা প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০৫:০১ পিএম
খুলনায় পুলিশ দম্পতির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতন

খুলনার সোনাডাঙ্গায় সামান্য তরকারি পুড়ে যাওয়াকে কেন্দ্র করে এক এতিম গৃহকর্মীকে নির্মমভাবে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে সোনাডাঙ্গা থানায় কর্মরত পুলিশের উপপরিদর্শক (এসআই) সঞ্জয় মিত্র ও তাঁর স্ত্রী পপি মিত্রের বিরুদ্ধে। 

বুধবার সকালে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার সোলার পার্কের একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। নির্যাতিত গৃহকর্মীর নাম মিলন। তিনি নরসিংদীর বাসিন্দা এবং ছোটবেলা থেকেই এতিম।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওই বাসার বারান্দায় মিলনকে কান ধরে ওঠবস করানো হচ্ছিল এবং লাঠি দিয়ে আঘাত করা হচ্ছিল। এই দৃশ্য দেখে একজন সংবাদকর্মী ও তিনজন সামাজিক সংগঠনের নারী নেত্রী বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করেন। প্রথমে বাধা দেওয়া হলেও পরবর্তীতে তাঁরা কৌশলে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করেন এবং নির্যাতিত গৃহপরিচারিকাকে উদ্ধার করেন।

উদ্ধারের পর দেখা যায়, মিলনের শরীরের বিভিন্ন স্থানে গরম খুন্তি ও কড়াই দিয়ে ছ্যাঁকা দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁর শরীরে পূর্বেও একাধিকবার চালানো নির্যাতনের পুরোনো আঘাতের চিহ্ন রয়েছে। অভিযুক্ত সঞ্জয় মিত্র ও তাঁর স্ত্রী পপি মিত্র দুজনেই পুলিশে কর্মরত আছেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এমন আচরণে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 জেএইচআর