রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাকিবুল হাসান, রাজশাহী প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০৫:২২ পিএম
রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 

বুধবার দুপুরে একাডেমি মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা রোপণের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। এই উপলক্ষে কোর্ট একাডেমির হলরুমে এক আলোচনা সভারও আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নে রাজশাহী সিটি কর্পোরেশন ২ লাখ ৫০ হাজার বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নিয়ে নগরব্যাপী কার্যক্রম শুরু করেছে। এই কর্মসূচি সফল করতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এগিয়ে আসছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই লক্ষ্যমাত্রা সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।

রাসিক প্রশাসক পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, পরিবেশবান্ধব ও স্বাস্থ্যকর নগরী গড়ে তুলতে সবাইকে বৃক্ষরোপণ ও বৃক্ষ সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান।

রাজশাহী কোর্ট একাডেমির প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি।

অনুষ্ঠানে কোর্ট একাডেমির সিনিয়র শিক্ষক গোলাম মত্তুর্জা মিল্টন, মাহবুবুল ইকরাম ফারুক, মহানগর বিএনপির দপ্তরে দায়িত্বে থাকা মুঈদুর রহমান মঈদ, রাজপাড়া থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদিকা অজিফা ইয়াসমিন এবং কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সদস্য সচিব মজিউল আহসান হিমেলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

জেএইচআর