গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের মেঘ ডুমুর মধ্যপাড়া গ্রাম থেকে জেলার অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী রোকনকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটে তাঁকে গ্রেপ্তার করা হয়। সে সময় তাঁর কাছ থেকে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গাইবান্ধা জেলা পুলিশের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গাইবান্ধা পুলিশ সুপার মো. জসিম উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মুত্তাজুল ইসলামের সরাসরি নেতৃত্বে গাইবান্ধা সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি যৌথ দল এ অভিযান পরিচালনা করে। দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহের পর পরিকল্পিতভাবেই এ অভিযান চালানো হয় বলে পুলিশ সূত্র জানিয়েছে।
অভিযানকালে রোকনের হেফাজত থেকে ইয়াবা ট্যাবলেটের পাশাপাশি মাদক সেবনে ব্যবহৃত ফুয়েল পেপার, লাইটার এবং একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। পুলিশের ধারণা, এই মোবাইল ফোনটি মাদক কেনাবেচার যোগাযোগের কাজে ব্যবহার করা হতো।
গ্রেপ্তারকৃত রোকন গাইবান্ধার মাদকচক্রে দীর্ঘদিন ধরে সক্রিয়। ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় ৪টি মাদক মামলা রয়েছে। এবার কৌশল পাল্টে বসতিপূর্ণ এলাকার বদলে মাছের খামারকে আস্তানা হিসেবে বেছে নিয়েছিলেন তিনি, তবে শেষ রক্ষা হয়নি।
গাইবান্ধা জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে পুলিশ সুপারের নির্দেশনায় সদর থানাসহ জেলার সব থানায় নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। শুধু মাদক ব্যবসায়ী নয়, মাদকসেবীদেরও আইনের আওতায় আনা হচ্ছে। গ্রেপ্তারকৃত রোকনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়ের করা হয়েছে এবং তাঁকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন