গাজীপুরের সর্ববৃহৎ সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করে স্বাস্থ্যসেবার বিভিন্ন সীমাবদ্ধতা ও সংকটের চিত্র তুলে ধরেছেন সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা।
পরিদর্শন শেষে জামায়াত মনোনীত গাজীপুর সিটি কর্পোরেশনের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ড. হাফিজুর রহমান জানান, পরিদর্শনকালে হাসপাতালের সার্বিক কার্যক্রম, রোগীসেবা, অবকাঠামোগত সক্ষমতা এবং চিকিৎসা সুবিধা নিয়ে হাসপাতালের পরিচালকের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাজমুন নাহার নিলু উপস্থিত ছিলেন।
ড. হাফিজুর রহমান বলেন, গাজীপুরের প্রায় ৭০ থেকে ৮০ লাখ মানুষের স্বাস্থ্যসেবার প্রধান ভরসা এই হাসপাতাল হলেও এখানে মাত্র ৫০০টি শয্যা রয়েছে, যা প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল। এ ছাড়া হাসপাতালে মাত্র ১০ শয্যার আইসিইউ, সীমিত ডায়ালাইসিস সুবিধা এবং পরিচ্ছন্নতা ব্যবস্থার ঘাটতিসহ নানা সমস্যা রয়েছে।
তিনি আরও জানান, এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। উপস্থিত সংসদ সদস্য নাজমুন নাহার নিলু হাসপাতালের এই সমস্যাগুলো জাতীয় সংসদে উত্থাপনের আশ্বাস দিয়েছেন।
সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা বলেন, গাজীপুর, বিশেষ করে সিটি এলাকার নাগরিকদের জন্য উন্নত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নতুন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। স্বাস্থ্যখাতের বিদ্যমান সংকট দূর করে নাগরিকদের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করাই এই উদ্যোগের লক্ষ্য। তাঁরা এই লক্ষ্য বাস্তবায়নে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন