‘জলবায়ু পরিবর্তন, আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ এই প্রতিপাদ্য নিয়ে গাইবান্ধায় নানা আয়োজনে জাঁকজমকপূর্ণভাবে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালিত হয়েছে। এই উপলক্ষে বুধবার বেলা ১১টার দিকে জেলা শহরের পরিবেশ ক্লাবের উদ্যোগে পৌর পার্ক থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় সচেতন নাগরিকবৃন্দ অংশ নেন।
র্যালি শেষে পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাব মিলনায়তনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন গাইবান্ধা পরিবেশ ক্লাবের উপদেষ্টা ওজিউর রহমান র্যাফেল, সভাপতি গোলাম রব্বানী মুসা, সাধারণ সম্পাদক অর্চ প্রসাদ, প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক রজতকান্তি বর্মন এবং গাইবান্ধা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শের আলমসহ আরও অনেকে।
আলোচনা সভায় বক্তারা পরিবেশ সুরক্ষা নিয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ অংশে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এর আগে জেলার বিভিন্ন স্কুলের শিশু থেকে অষ্টম শ্রেণির প্রায় ৬০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে পরিবেশবিষয়ক একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন