মধুপুরে ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০৮:৪৮ পিএম
মধুপুরে ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

টাঙ্গাইলের মধুপুরে কফি হাউজের আড়ালে মাদক কারবারের অভিযোগে এক যুবককে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ ও ওজনে কম দেওয়ার অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার দুপুরে মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নঈম উদ্দিনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মধুপুর বাসস্ট্যান্ড এলাকার ‘কানন’ মিষ্টির দোকানে মশা-মাছি ও অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ‘ধনবাড়ী মিষ্টি ঘর’-এ ওজনে কম দেওয়ার অভিযোগে আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে উপজেলার বিপ্রবাড়ি এলাকায় ‘চাঁদের হাসি’ নামক একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে মাদক কারবারের অভিযোগে মো. রাকিব (১৮) নামে এক যুবককে আটক করা হয়। তাঁকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ ছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, মধুপুরের বিভিন্ন এলাকায় কফি হাউজের নামে গড়ে ওঠা এসব রেস্টুরেন্টে মাদক বেচাকেনাসহ নানা অসামাজিক কার্যকলাপ চলছে। অনেক শিক্ষার্থী স্কুল ফাঁকি দিয়ে এসব জায়গায় আড্ডা দেয়। আজকের অভিযানেও বেশ কিছু শিক্ষার্থীকে স্কুল ড্রেস পরা অবস্থায় পাওয়া গেলে তাদের সতর্ক করা হয়। একই সঙ্গে বিষয়টি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও অভিভাবকদের জানানো হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নঈম উদ্দিন বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও মাদক কারবারের অভিযোগে এই জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনার সময় মধুপুর থানা-পুলিশের একটি চৌকস দল ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন।

জেএইচআর