নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আল মদিনা শপিংমলে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রাথমিকভাবে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সোনারগাঁ ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা জাহিদ চৌধুরী জানান, মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত আল মদিনা শপিংমলে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তাদের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এদিকে অগ্নিকাণ্ডের কারণ নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। মার্কেটের সাধারণ দোকান মালিকদের অভিযোগ, মার্কেট থেকে তাঁদের সরিয়ে দিতে মালিক পক্ষ পরিকল্পিতভাবে এই আগুনের ঘটনা ঘটিয়েছে। তবে দোকানদারদের এই অভিযোগ অস্বীকার করে মালিক পক্ষ দাবি করেছে, এটি কোনো পরিকল্পিত ঘটনা নয়, বরং বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন