রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় অসাবধানতাবশত বিষপান করে রিংকন বড়ুয়া (২৬) নামের এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে। নিহত রিংকন উপজেলার ৩ নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়নের ব্রংদং পাড়ার (৬ নম্বর ওয়ার্ড) মিলন বড়ুয়ার ছেলে। তিনি চট্টগ্রামের একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পরিবার।
৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শিমুল দাশ জানান, গত বুধবার (১৭ জুন) রাতে বাড়িতে রাখা মদের বোতল ভেবে জমিতে ঘাস নিধনের কীটনাশক সেবন করে ফেলেন রিংকন। সঙ্গে সঙ্গে নিজের ভুল বুঝতে পেরে মুখ থেকে তা ফেলে দিলেও বিষের কিছু অংশ তাঁর পেটে চলে যায়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে স্বজন ও স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে চন্দ্রঘোনা ক্রিশ্চিয়ান মিশন হাসপাতালে ভর্তি করেন।
সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পরদিন তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তাঁর মৃত্যু হয়।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকের হোসেন জানান, অসাবধানতাবশত বিষপানে ওই যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাঁর মরদেহ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে মরদেহ নিজ বাড়িতে এনে ধর্মীয় রীতি অনুযায়ী দাহক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছে নিহতের পরিবার। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন