চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই অজ্ঞাত বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় আব্দুল কাদের (২৫) নামে আরও এক বন্ধু পা কাটা পড়ে মারাত্মকভাবে আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে দামুড়হুদা উপজেলার দুধপাতিলা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। তবে গুরুতর আহত আব্দুল কাদের দামুড়হুদা উপজেলার ডুগডুগি কলোনিপাড়া গ্রামের অহিদুল ইসলামের ছেলে। দুর্ঘটনায় তার একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে আব্দুল কাদের ও তার কাছে বেড়াতে আসা দুই অজ্ঞাত বন্ধু একটি মোটরসাইকেলে করে একসঙ্গে ঘুরতে বের হয়েছিলেন। বিকেল সাড়ে ৫টার দিকে তারা দামুড়হুদার দুধপাতিলা রেলক্রসিং পার হচ্ছিলেন। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা মহানন্দা মেইল ট্রেন তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।
এতে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই দুই অজ্ঞাত বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলে থাকা অপর বন্ধু আব্দুল কাদেরের পা কেটে গিয়ে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহত কাদেরকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু বলেন, মোটরসাইকেলে তিনজন আরোহী ছিলেন। তাদের মধ্যে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং অন্যান্য আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, খুলনা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই দুইজন নিহত হয়েছেন।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন