জাতীয় পর্যায়ে একক অভিনয়ে ৩য় স্থান অর্জন করেছে পটুয়াখালীর কলাপাড়ার কৃতি সন্তান সুদীপন মুখার্জী অর্জুন। সকল বাধা অতিক্রম করে নিজের মেধা ও অভিনয়ের মাধ্যমে পৌরসভা, উপজেলা, জেলা ও বিভাগ পেরিয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এ জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অধিকার করে এক অনন্য কৃতিত্ব স্থাপন করেছে। মেধাবী শিক্ষার্থী সুদীপন মুখার্জী অর্জুন কলাপাড়ার মঙ্গলসুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
এছাড়াও সে কলাপাড়ার কচিমুখ নাট্যাঙ্গন (কনা)-এর একজন গর্বিত সদস্য। অর্জুনের এই আকাশছোঁয়া সাফল্যে বরিশাল বিভাগসহ কলাপাড়ার চারদিকে বাঁধভাঙা আনন্দের বন্যা বইছে। তার এই গৌরবময় পারফরম্যান্স জাতীয় পর্যায়ে বিচারকদের মুগ্ধ করেছে। কলাপাড়ার ইতিহাসে বিশ বছর পরে জাতীয় পর্যায়ে পুরস্কৃত হয়েছে অর্জুন।
জানা যায়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (মিরপুর) এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আতিকুর রহমান।
অর্জুনের এই গৌরবময় কৃতিত্বের জন্য শুভেচ্ছা জানিয়েছে পটুয়াখালী-৪ আসনের মাননীয় সংসদ এ বি এম মোশাররফ হোসেন, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার কাওছার হামিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহিদা বেগম, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেসার উদ্দিন আহমেদ টিপু, মঙ্গলসুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুস সাকিব কনা ও বিভিন্ন সংগঠনসহ কলাপাড়ার সর্বস্তরের জনগণ ও গুণীজনরা। অর্জুনের প্রশিক্ষক হিসেবে ছিলেন কলাপাড়া সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ, জাতীয় পুরস্কারপ্রাপ্ত মীরাক্কেলীয়ান অভিনেতা আতিকুর রহমান মিরাজ।
এই সাফল্যের পেছনে রয়েছে অর্জুনের পরিবারের নিরলস ত্যাগ ও অনুপ্রেরণা। অর্জুনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া চেয়েছেন অর্জুনের বাবা সাংবাদিক অশোক মুখার্জি এবং মাতা সাংস্কৃতিক কর্মী ও কলাপাড়া মহিলা কলেজের শিক্ষিকা শুভ্রা চক্রবর্তী কল্যাণী। এছাড়াও তার বড় বোন দেবশ্রী মুখার্জী অভিনয়, আবৃত্তি ও জারীগানে মোট পাঁচবার জাতীয় পর্যায়ে অংশ নিয়েছে।
উল্লেখ্য, পরবর্তীতে এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করবেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন