দীর্ঘদিনের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি পূরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে তিস্তা এলাকায় পরিদর্শনে আসেন পানিসম্পদ মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
শুক্রবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অবস্থিত তিস্তা ব্যারেজ এলাকায় প্রেস ব্রিফিংয়ে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আজ তিস্তা পাড়ের মানুষকে আশ্বস্ত করার জন্য এসেছি। তিস্তা নদীকে ঘিরে মেগা প্রকল্প গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্পূর্ণ দেশীয় অর্থায়নে এবং দেশি-বিদেশি কারিগরি সহযোগিতায় দ্রুততম সময়ের মধ্যে এই ‘তিস্তা মেগা প্রকল্প’ বাস্তবায়ন করা হবে।
তিনি জানান, এ প্রকল্প বাস্তবায়নে প্রায় ১৩ থেকে ১৪ হাজার কোটি টাকা প্রয়োজন। বিশেষ প্রকল্পের আওতায় প্রয়োজনীয় অর্থায়নের মাধ্যমে এটি বাস্তবায়িত হতে যাচ্ছে এবং প্রধানমন্ত্রী নিজেই এই কাজের সার্বিক অগ্রগতি তদারকি করছেন। খুব শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ভিত্তিপ্রস্তর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিস্তা ব্যারেজ এলাকায় দোয়ানী অবসর হলরুমে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এর আগে সকালে পানিসম্পদ মন্ত্রী সৈয়দপুর হয়ে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোয়ানী ব্যারেজ এলাকায় উপস্থিত হয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
এ সময় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান এবং লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল, লালমনিরহাট ও নীলফামারীর জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরের সচিব ও নদী বিষয়ক বিশেষজ্ঞ টিম, কারিগরি সহায়তাকারী হিসেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞ টিম উপস্থিত ছিলেন। পরে মন্ত্রীরা ওই এলাকায় বৃক্ষরোপণ করেন।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন