ফরিদপুরে ঈদগাহ ও গোরস্তানের সম্পদ রক্ষায় সংবাদ সম্মেলন

ফরিদপুর প্রতিনিধি প্রকাশিত: জুন ২০, ২০২৬, ১১:৫০ পিএম
ফরিদপুরে ঈদগাহ ও গোরস্তানের সম্পদ রক্ষায় সংবাদ সম্মেলন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পূর্ব ভাটদী গ্রামের ঈদগাহ ও গোরস্তানের সম্পদ আত্মসাৎ এবং বাঁশ কেটে বিক্রির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বাসিন্দারা।

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে গত দুই দশকের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি জানানো হয়।

লিখিত বক্তব্যে গ্রামবাসী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ঈদগাহ ও গোরস্তানের সরকারি বরাদ্দ, জনসাধারণের অনুদান ও ঈদের নামাজের সময় সংগৃহীত অর্থের কোনো স্বচ্ছ হিসাব দেওয়া হয়নি। এছাড়া অতীতে একতরফাভাবে কমিটি গঠন এবং কয়েক দফায় গাছ বিক্রির উদ্যোগ নেওয়ার অভিযোগও তোলেন তাঁরা।

গ্রামবাসীর দাবি, প্রশাসনের নিষেধাজ্ঞা ও স্থানীয়দের আপত্তি উপেক্ষা করে সম্প্রতি সাবেক কমিটির সভাপতি ও বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এবং সাবেক কোষাধ্যক্ষ ইসহাক মৃধার নেতৃত্বে রাতের আঁধারে প্রায় চার থেকে পাঁচ লাখ টাকার বাঁশ কেটে বিক্রি করা হয়েছে। সংবাদ সম্মেলন শেষে ভাটদি বাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন বিক্ষুব্ধ এলাকাবাসী।

এ সময় উপস্থিত ছিলেন গ্রামের বাসিন্দা মো. আব্দুর রহিম, মীর রমজান, শাহ জালাল আহমেদ, মো. মোজাম্মেল ও মো. কালাচানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

জেএইচআর