বিগত দুই দশকে সাংস্কৃতিক অঙ্গনে দলীয়করণের প্রভাব দেশের সংস্কৃতি চর্চাকে ক্ষতিগ্রস্ত করেছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তার মতে, এ কারণে সংস্কৃতি তার স্বকীয়তা বজায় রেখে বিকশিত হতে পারেনি এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোও প্রত্যাশিতভাবে গড়ে ওঠেনি।
শনিবার (২০ জুন) বিকেলে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত নদীমাতৃক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশের অধিকাংশ জেলায় সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য প্রয়োজনীয় পরিবেশ ও কর্মসূচির ঘাটতি রয়েছে। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশের সাংস্কৃতিক অঙ্গনকে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে এটি গণমানুষের সংস্কৃতি হিসেবে আরও শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হতে পারে।
তিনি আরও বলেন, সুস্থ, সুন্দর এবং সময়োপযোগী সাংস্কৃতিক পরিবেশ গড়ে তুলতে সংস্কৃতি মন্ত্রণালয় বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে সাংস্কৃতিক অবকাঠামোর উন্নয়ন, কার্যক্রম সম্প্রসারণ এবং শিল্পীদের বিকাশে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিমসহ জেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন