আমরা যে পরিবর্তনটা চেয়েছিলাম, তা এখনও হয়নি বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, আমরা ব্যবস্থার পরিবর্তনের আশা করছিলাম; কিন্তু এখন পর্যন্ত কোনো লক্ষণ দেখলাম না। চেয়েছিলাম এমন এক সরকার আসবে, যা কোনো নির্দিষ্ট দলের হবে না। কিন্তু ভোটাভোটির মাধ্যমে যারা ক্ষমতায় এসেছে, তারা প্রত্যাশা পূরণ করতে পারেনি।
শনিবার ফেনী শহরের মিজান রোডের দলীয় কার্যালয়ে এবি পার্টির পৌর শাখার প্রতিনিধি সম্মেলন ও যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মজিবুর রহমান মঞ্জু বলেন, বর্তমান সরকারের কাছে আমাদের যে আশা ছিল, তা পূরণ হওয়ার সম্ভাবনা কম। ক্ষমতায় আসার আগের কথার সাথে এখনকার কাজের মিল পাচ্ছি না। আমরা পরিস্থিতির পরিবর্তন এবং নতুন কিছু চাই।
এবি পার্টি ফেনী পৌর শাখার আহ্বায়ক আবুল কালাম আজাদ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম বাদল, জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফলাতুন বাকি, সদস্য সচিব ফজলুল হক ও ওমান প্রবাসী নেতা নুর নবী নয়ন।
অনুষ্ঠানে দলটির জেলা যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল, অর্থ সম্পাদক শাহীন সুলতানী, জেলা সদস্য জাহানারা আক্তার মনি ও আহমেদ আলী নয়নসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন