ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি ও জলবায়ু বিষয়ক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিশ্ববিদ্যালয়ের ‘সেন্টার ফর ক্লাইমেট চেইঞ্জ অ্যান্ড সাস্টেইনেবিলিটি রিসার্চ (3CSR)’-এর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন 3CSR-এর পরিচালক অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন।
সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ হল প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। বৃক্ষরোপণ শেষে ‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ শীর্ষক একটি মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল বলেন, আজ আমরা এমন একটি সময়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করছি, যখন জলবায়ু পরিবর্তন মানব সভ্যতার অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কেবল নীতিনির্ধারণী সিদ্ধান্তই যথেষ্ট নয়, প্রয়োজন সচেতনতা, দায়িত্ববোধ এবং কার্যকর উদ্যোগ। একটি বৃক্ষ রোপণ মানে শুধু একটি চারা মাটিতে স্থাপন করা নয়; বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্মল বাতাস, নিরাপদ পরিবেশ এবং একটি বাসযোগ্য পৃথিবীর ভিত্তি রচনা করা।
এ সময় প্রযুক্তি ও প্রকৃতির মধ্যে সুষম সমন্বয় ঘটিয়ে টেকসই উন্নয়নের পথে সকলকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
উপাচার্য আরও বলেন, বর্তমান সরকার একটি সবুজ, পরিচ্ছন্ন ও টেকসই বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং জলবায়ু সহনশীল উন্নয়ন কার্যক্রমের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। আমি বিশ্বাস করি, জাতীয় পর্যায়ের এই উদ্যোগকে সফল করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে ভবিষ্যৎ নেতৃত্ব, সচেতনতা এবং ইতিবাচক সামাজিক পরিবর্তন ও পরিবেশ রক্ষার আন্দোলনে ডুয়েটকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার পরিবেশবান্ধব জীবনযাপন, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু সহনশীল অবকাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ প্রজন্মকে আরও সক্রিয় ও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট (আইডব্লিউই)-এর পরিচালক অধ্যাপক ড. মো. আকরামুল আলম। সভাপতির বক্তব্যে 3CSR-এর পরিচালক অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই পৃথিবী বিনির্মাণ এবং জলবায়ু সংকট মোকাবিলায় নিয়মিত বৃক্ষরোপণ এবং গবেষণামূলক উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
উক্ত বৃক্ষরোপণ কর্মসূচি ও মুক্ত আলোচনা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক, প্রভোস্ট, অফিস প্রধানবৃন্দসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন