গাইবান্ধা জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অপরাধ সভা অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি প্রকাশিত: জুন ২১, ২০২৬, ০৮:১৮ পিএম
গাইবান্ধা জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অপরাধ সভা অনুষ্ঠিত

গাইবান্ধা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে আয়োজিত এই মাস্টার প্যারেডে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দীন। প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার মো. আরাফাত হোসেন।

প্যারেড পরিদর্শনকালে পুলিশ সুপার ফোর্সদের মাঠ পর্যায়ের প্যারেড দক্ষতা মূল্যায়ন, শারীরিক ফিটনেস এবং টার্ন আউটের ওপর ভিত্তি করে চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন। প্যারেড পরিদর্শন শেষে তিনি পুলিশের যানবাহন শাখা পরিদর্শন করেন। এ সময় তিনি অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে শৃঙ্খলা, ড্রেসরুলস, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

প্যারেড শেষে সকাল সাড়ে ৯টায় পুলিশ লাইন্স ড্রিল সেডে পুলিশ সুপারের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সবার কাছ থেকে কল্যাণমূলক প্রস্তাব আহ্বান করা হয় এবং প্রাতিষ্ঠানিক বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।

কল্যাণ সভায় পুলিশ সুপার অংশগ্রণকারী সদস্যদের উদ্দেশ্যে বলেন, "আপনাদের পেশাদারিত্বের সাথে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করতে হবে, সরকারি সম্পত্তির সঠিক রক্ষণাবেক্ষণ করতে হবে, জেলার আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে হবে এবং একই সাথে নিজের ও পরিবারের প্রতি দায়িত্বশীল হতে হবে।" সভা শেষে জেলা পুলিশের পক্ষ থেকে দুজনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

পরবর্তীতে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে গত মে মাসের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম, শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার প্রণব দাসসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা।

জেএইচআর