নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল শিশুর মরদেহ

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: জুন ২২, ২০২৬, ০২:২৮ পিএম
নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল শিশুর মরদেহ

টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের দুই দিন পর সেঁজুতি রাণী মালু (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলা পরিষদ পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

সেঁজুতি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মন্দির পাড়া এলাকার ফালু চন্দ্র মালুর মেয়ে। সে স্থানীয় আদর্শ শিশু কানন প্রি-ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবারের সদস্যরা জানান, রোববার রাতে তাদের কাছে একটি ফোনকল ও বার্তা আসে। সেখানে সেঁজুতিকে ফিরিয়ে দেওয়ার কথা বলে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

সোমবার সকালে স্থানীয়রা উপজেলা পরিষদের পুকুরে একটি শিশুর মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সেঁজুতির বাবা ফালু চন্দ্র মালু বলেন, “আমার ছোট্ট মেয়েটিকে হত্যা করে পুকুরে ফেলে রাখা হয়েছে। আমি আমার মেয়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার চাই।”

সেঁজুতির মা শোভা চন্দ্র বলেন, “আমার অনেক শত্রু আছে। আমার ছোট্ট মেয়েটিকে হত্যা করে পুকুরে ফেলে রাখা হয়েছে। আমি হত্যাকারীদের বিচার চাই।”

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেলে সেঁজুতি উপজেলা পরিষদ মাঠে খেলতে গিয়ে আর বাসায় ফেরেনি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে এলাকায় মাইকিং করা হয় এবং সখীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

পরবর্তীতে আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় লোকজন উপজেলা পরিষদ পুকুরে সেঁজুতির লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন পিপিএম জানান, পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

জেএইচআর