সিলেটের হযরত শাহজালাল (র.)-এর মাজারে ব্যক্তিগত তহবিল থেকে ৫ লাখ টাকা দান করেছেন সদ্য বিদায়ী জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম। সোমবার বিকেলে মাজারের সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকা জমা করা হয়।
সিলেটের জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার (সাধারণ শাখা) তানভীর হোসাইন সজীব এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মাজারের দানবাক্স থেকে পাওয়া ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা ব্যাংকে জমা দেওয়ার সময় ডিসি স্যার তাঁর ব্যক্তিগত তহবিল থেকে আরও ৫ লাখ টাকা প্রদান করেন। সব মিলিয়ে মাজারের অ্যাকাউন্টে মোট ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা জমা হয়েছে।
এর আগে গত রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে দায়িত্ব থেকে প্রত্যাহারের আদেশ জারি করা হয়। ৭০০ বছরের প্রচলিত নিয়ম ভেঙে প্রথমবারের মতো শাহজালাল (রহ.) মাজারে জমা পড়া দানের টাকার হিসাব প্রকাশ্যে আনায় তিনি রোষানলে পড়েন বলে জানা গেছে। তবে প্রত্যাহারের আদেশ এলেও মাজারের দানের টাকা গণনা করিয়ে তবেই বিদায় নেন তিনি। গতকাল সোমবার দীর্ঘ চার ঘণ্টার গণনা শেষে ৪ দিনে জমা পড়া নগদ ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা ও ৭ আনা সোনা পাওয়ার হিসাব আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
এদিকে আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সিলেটবাসীকে বিদায় জানিয়ে একটি আবেগঘন বার্তা দিয়েছেন সদ্য বিদায়ী ডিসি মো. সারওয়ার আলম। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘বিদায় সিলেট। ভালো থাকুন সিলেটবাসী। আপনাদের ভালোবাসায় আমি ধন্য।’
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন