‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য: গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটে গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং গৌরীপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিতর্কের বিষয় ছিল- “দুর্নীতি প্রতিরোধে আইন প্রয়োগের চেয়ে সামাজিক আন্দোলন অধিক কার্যকর।” এতে মোট ৭টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় প্রথম স্থান এবং গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় দ্বিতীয় স্থান অর্জন করে। চূড়ান্ত পর্বে শ্রেষ্ঠ তার্কিক নির্বাচিত হন গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী রব্বাইয়া নৌশিন।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও কিল্লা বোকাইনগর কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমিন পাপ্পা। কমিটির সাধারণ সম্পাদক ও গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মো. মহসীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান এবং রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. বদরুল আলম।
অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন বিএম কলেজের সহকারী অধ্যাপক হামিদুর রহমান, মহিলা কলেজের প্রভাষক মাহবুব আলম এবং সায়মা-সাহাব একাডেমির প্রধান শিক্ষক মো. সুজাউর রহমান খান। বিতর্ক প্রতিযোগিতার মডারেটরের দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল রায়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কমিটির সহ-সভাপতি আব্দুল কদ্দুছ এবং সদস্য আলী হায়দার উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন