বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে দিনাজপুর মেডিকেল কলেজে ‘নিরাপদ রক্ত সঞ্চালন ও স্বেচ্ছা রক্তদান’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৩ জুন, ২০২৬) সকাল ১১টায় দিনাজপুর মেডিকেল কলেজের ৩ নম্বর গ্যালারীতে এই কর্মশালার আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘প্রতি ফোটায় মানবতা, রক্ত দিন, জীবন বাঁচান’।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সেখ সাদেক আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ এ বি এম কামরুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. ফজলুর রহমান, মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. সরওয়ার জাহান, সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আব্দুস সালাম, চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. মুনছুর রহমান, ফিজিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ডা. মুহ. আতিয়ার রহমান এবং ফিজিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুস।
কর্মশালায় জেলার ১৪টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও সদস্যরা অংশগ্রহণ করেন। সভায় নিরাপদ রক্ত সঞ্চালনের গুরুত্ব, স্বেচ্ছায় রক্তদানের প্রয়োজনীয়তা এবং রক্তদানে সামাজিক সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে নিয়মিত ও বিশেষ অবদানের জন্য ২৩ জন স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা সনদ ও ফুল প্রদান করা হয়। এর মধ্যে নারীদের মধ্যে সর্বোচ্চ প্লাটিলেট দানকারী হিসেবে আয়শা সিদ্দিকা এবং পুরুষদের মধ্যে সর্বোচ্চ প্লাটিলেট দানকারী হিসেবে রবিউল ইসলাম রাজু সম্মাননা লাভ করেন।
এ ছাড়া নিয়মিত রক্তদাতা বোরহান জামান লিমন, রিয়াজুল ইসলাম রাজু ও আনোয়ার শাহাদাত মানিককে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, রিয়াজুল ইসলাম রাজু ও আনোয়ার শাহাদাত মানিক ইতোমধ্যে ৪৮ বার স্বেচ্ছায় রক্তদান করেছেন, যা নতুন রক্তদাতাদের জন্য অনুপ্রেরণার উৎস।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন