আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের আয়োজনে ‘ফল উৎসব ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের শহীদ এস্কেন্দার কচি মিলনায়তনে এই দেশীয় ফল উৎসবের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি লিয়াকত আলী খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের দিকনির্দেশনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র সহসভাপতি আজাদ ভুঁইয়া।
উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। প্রধান অতিথির বক্তব্যে তিনি নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের এই ব্যতিক্রমধর্মী আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। উপাচার্য দেশের বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে রাজনৈতিক সহাবস্থান এবং গণতান্ত্রিক সৌন্দর্যের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
উপাচার্য বলেন, দেশে একটি গণতান্ত্রিক সত্তা প্রতিষ্ঠিত হয়েছে। ভবিষ্যতে আবার নতুন করে নির্বাচন হবে এবং সেখানে জনগণই বিচার করবে তারা কাদের সরকারে দেখতে চায়। এটিই হলো গণতন্ত্রের আসল সৌন্দর্য। দীর্ঘদিন পর আমরা এই মুক্ত বাতাসের সুবাস পাচ্ছি। আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকবেই, কিন্তু পরস্পরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা অটুট রাখতে হবে।
প্রেসক্লাবে রাজনৈতিক দলগুলোর সম্মিলিত অংশগ্রহণকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, আজ এখানে সব দল মিলে একত্রে বসে আপনারা এই আনন্দ উপভোগ করছেন, এর চেয়ে সুন্দর দৃশ্য আর কিছু হতে পারে না। এখানে উপস্থিত সাংবাদিকদের মধ্যে হয়তো ভিন্ন ভিন্ন রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, কিন্তু সবাই মিলে একসাথে বসা এবং কাজ করার এই যে অনন্য সুযোগ, তা আমরা বর্তমান পরিবর্তিত পরিস্থিতির কারণেই পেয়েছি। এই সম্মিলিত প্রয়াস এবং একসাথে কাজ করার মানসিকতা যদি জাগ্রত হয়, তবে আমরা নোয়াখালী জেলাকে উন্নয়নের এক অন্যতম উচ্চতায় নিয়ে যেতে পারব। এ সময় তিনি নোয়াখালীর সামগ্রিক উন্নয়ন এবং নোবিপ্রবিসহ সকল প্রতিষ্ঠানের অগ্রগতিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সাংবাদিক ও রাজনৈতিক দলগুলোকে একসাথে কাজ করার আহ্বান জানান।
ফল উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, জেলা জামায়াতের আমীর ইসহাক খন্দকার, নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন, সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবু ছালেহ মো. নুর নবী, এলজিইডি নির্বাহী প্রকৌশলী শেখ মাহফুজিল হোসাইন, সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ মনির হোসেন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ইউসুফ আলী এবং জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিনসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বাঙালির ঐতিহ্যবাহী ফল উৎসবের এই চমৎকার আয়োজনের জন্য নোয়াখালী সাংবাদিক ইউনিয়নকে ধন্যবাদ জানান। একই সাথে তাঁরা পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি এ ধরণের সামাজিক ও সাংস্কৃতিক মেলবন্ধন বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন। উৎসবে ২০ ধরনের দেশীয় ও মৌসুমি ফল দিয়ে বৈচিত্র্যময় চিত্র ফুটিয়ে তোলা হয়, যা আগত অতিথিদের মাঝে বেশ প্রশংসিত হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিদের বিভিন্ন রকমের রসালো ও সুস্বাদু ফল দিয়ে আপ্যায়ন করা হয়।
এ ছাড়া ফল উৎসবে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি (এটিএন বাংলা) মানিক ভূঁইয়া, আমার দেশের জেলা প্রতিনিধি আজাদ ভূঁইয়া, চলতি ধারা সম্পাদক এমবি আলম, ইনকিলাবের জেলা প্রতিনিধি এহসানুল হক খসরু উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন- সংগঠনের জয়েন্ট সেক্রেটারি এবং আমার সংবাদ ও দি ডেইলি ভয়েজ অব এশিয়ার জেলা প্রতিনিধি ইমাম উদ্দিন আজাদ, রেজোয়ান সিদ্দিকি, কালবেলার জেলা প্রতিনিধি ও সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হোসেন, ইসলামিক টিভির জেলা প্রতিনিধি ও কোষাধ্যক্ষ কামরুল কানন, এখন টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও দপ্তর সম্পাদক নাসিম শুভ, দৈনিক নয়া সকালের সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা লিটন, দৈনিক ভোরের আলোর জেলা প্রতিনিধি ও প্রচার সম্পাদক ফজলুল কাদের, স্টার নিউজের জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া রাহাত এবং টাইমস অব বাংলাদেশ ও ঢাকা মেইলের জেলা প্রতিনিধি ও তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান।
উপদেষ্টাদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি বোরহান উদ্দিন, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাইফুল্লাহ কামরুল, এনটিভির স্টাফ রিপোর্টার মাসুদ পারভেজ এবং নয়া দিগন্তের জেলা প্রতিনিধি হানিফ ভূইয়াসহ জেলায় কর্মরত বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মীবৃন্দ।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন