নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের চকদিঘুলী এলাকায় অবস্থিত মৎস্য অভয়াশ্রমে নিরাপত্তা জোরদার ও দেশীয় মাছের প্রজনন সংরক্ষণের লক্ষ্যে অত্যাধুনিক ৪জি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। উপজেলার ইতিহাসে এই প্রথম কোনো মৎস্য অভয়াশ্রমে এমন আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা চালু হলো। এর ফলে সংশ্লিষ্ট দপ্তর থেকে দূরবর্তী অবস্থানে থেকেও অভয়াশ্রমের সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় বুধবার বিকেলে নন্দকুজা নদীর চকদিঘুলী এলাকায় বিদ্যমান মৎস্য অভয়াশ্রমের মেরামত ও সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে এই প্রকল্প বাস্তবায়ন করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের তত্ত্বাবধানে স্থাপিত এই ৪জি সিসি ক্যামেরা অভয়াশ্রমের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ মাছ শিকার ও অন্যান্য অনিয়ম প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, অভয়াশ্রমে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। এখানে দেশীয় ও বিলুপ্তপ্রায় বিভিন্ন প্রজাতির মাছ নিরাপদে প্রজনন ও বংশবিস্তার করে। নতুন এই ডিজিটাল নজরদারি ব্যবস্থার ফলে অভয়াশ্রমে অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশ, অবৈধ উপায়ে মাছ শিকার এবং সংরক্ষণবিরোধী যেকোনো কর্মকাণ্ড দ্রুত শনাক্ত করে তাৎক্ষণিক প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া সহজ হবে।
উদ্যোগটি সম্পর্কে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রতন চন্দ্র সাহা বলেন, মৎস্য অভয়াশ্রমগুলো দেশীয় মাছের প্রজনন ও সংরক্ষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আধুনিক ৪জি সিসি ক্যামেরা স্থাপনের ফলে অভয়াশ্রমের নিরাপত্তা আরও জোরদার হবে এবং মাছের অবাধ বিচরণ ও প্রজনন নিশ্চিত করা সম্ভব হবে।
মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোছা. বিউটি খাতুন বলেন, অভয়াশ্রম সুরক্ষিত থাকলে বিলুপ্তপ্রায় ও দেশীয় মাছের সংখ্যা বহুগুণ বৃদ্ধি পাবে। এর ইতিবাচক প্রভাব স্থানীয় নদী-নালা, খাল-বিল ও উন্মুক্ত জলাশয়ে পড়বে। ফলে দেশীয় মাছের প্রাচুর্য বাড়ার পাশাপাশি সাধারণ মানুষের কাছে মাছ আরও সহজলভ্য হবে।
সিসি ক্যামেরা উদ্বোধনের সময় গুরুদাসপুর উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় মৎস্যজীবী সুফলভোগীরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টদের মতে, প্রযুক্তিনির্ভর এই চমৎকার উদ্যোগ মৎস্যসম্পদ সংরক্ষণ, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় দীর্ঘমেয়াদি ভূমিকা রাখবে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন