সীমান্তে মাদকের বিরুদ্ধে বিজিবির কঠোর অবস্থান: ধ্বংস হলো প্রায় ১১ কোটি টাকার মাদক

দিনাজপুর প্রতিনিধি প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ০৫:০৫ পিএম
সীমান্তে মাদকের বিরুদ্ধে বিজিবির কঠোর অবস্থান: ধ্বংস হলো প্রায় ১১ কোটি টাকার মাদক

সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে সফল অভিযানের ধারাবাহিকতায় জব্দকৃত প্রায় ১০ কোটি ৮২ লাখ ৯০ হাজার ৯২০ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দিনাজপুর সেক্টরের আওতাধীন জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি), ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এবং দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) কর্তৃক বিভিন্ন সময়ে এসব মাদক জব্দ করা হয়। বৃহস্পতিবার দিনাজপুর সেক্টর সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে এগুলো ধ্বংস করা হয়।

ধ্বংসকৃত মাদকের মধ্যে উল্লেখযোগ্য ছিল ১৩ হাজার ১৯০ বোতল ফেনসিডিল, ২৯ হাজার ৮৩০ পিস ইয়াবা, ৮ হাজার ৯৬২ বোতল বিদেশি মদ, ৬৭ হাজার ৮৬৬ পিস নেশাজাতীয় ইনজেকশন, ২ লাখ ৪৮property হাজার ৫৯ পিস নেশাজাতীয় ট্যাবলেট এবং ৫ লাখ ৩৪ হাজার ৩৩৭ পিস মদ তৈরির ট্যাবলেট।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, এনডিসি। তিনি বলেন, “মাদক একটি নীরব ঘাতক। এটি মানুষের মেধা, নৈতিকতা ও ভবিষ্যৎ ধ্বংস করে, বিশেষ করে তরুণ সমাজকে বিপথগামী করে। মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের, পিএসসি, জি+। এ সময় আরও উপস্থিত ছিলেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান, জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী, ফুলবাড়ী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান এবং দিনাজপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মাসুদ হাসান।

পাশাপাশি জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজিবি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান নির্মূলে তাদের এই কঠোর অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

জেএইচআর