গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ডিপি ফুডস নামের একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে কোনাবাড়ী আমবাগ বোর্ড ঘর এলাকায় জেলা গোয়েন্দা সংস্থা এনএসআই এর তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালেহুর রহমান।
অভিযানে ডিপি ফুডসের বিরুদ্ধে একাধিক অনিয়ম পাওয়া যায়। এর মধ্যে রয়েছে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও সংরক্ষণ, বিভিন্ন পণ্যের মোড়কে বিএসটিআইয়ের নকল লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ এবং খাদ্যপণ্য যথাযথভাবে ঢেকে না রাখা।
এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৪ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিক দীপংকর চন্দ্র দেবনাথকে (৩২) ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে খাদ্য নিরাপত্তা বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে পুনরায় এ ধরনের অনিয়ম পাওয়া গেলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।
অভিযানে ব্যাটালিয়ন আনসার সদস্যরা সহযোগিতা করেন।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন