শিক্ষা খাতে ব্যাপক পরিবর্তন আনা হবে: শিক্ষামন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি প্রকাশিত: জুন ২৬, ২০২৬, ০৮:৫৭ পিএম
শিক্ষা খাতে ব্যাপক পরিবর্তন আনা হবে: শিক্ষামন্ত্রী

এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর এবং রংপুর বিভাগের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার দুপুর আড়াইটায় দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি। সভায় মন্ত্রী বলেন, শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বর্তমান সরকারও শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। আগামীর বাংলাদেশ গড়তে একটি সুন্দর ও আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য জুতা, মোজা, পোশাক ও স্কুল ব্যাগসহ বিভিন্ন ধরনের সরকারি সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি বিদ্যালয়গুলোতে আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের ক্লাস ফোর (চতুর্থ শ্রেণি) থেকে সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করা এবং ক্লাস সিক্স (ষষ্ঠ শ্রেণি) থেকে সম্পূর্ণ আনন্দময় শিক্ষা কার্যক্রম চালুর বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী দৃঢ়তার সাথে উল্লেখ করেন, নৈতিক ও আদর্শিক মূল্যবোধসম্পন্ন নতুন প্রজন্ম গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একটি সুন্দর ভবিষ্যৎ ও উন্নত বাংলাদেশ নির্মাণে শিক্ষাই প্রধান ভিত্তি। তাই দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনা হবে। সভায় শিক্ষা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেএইচআর