মাদারীপুরে শুরু হলো ওয়াজউদ্দিন মাতুব্বর স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

মহসিন তালুকদার, মাদারীপুর প্রকাশিত: জুন ২৬, ২০২৬, ০৯:০৯ পিএম
মাদারীপুরে শুরু হলো ওয়াজউদ্দিন মাতুব্বর স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

দেশি-বিদেশি তারকা খেলোয়াড়দের অংশগ্রহণে মাদারীপুরে শুরু হয়েছে ওয়াজউদ্দিন মাতুব্বর স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার বিকেলে মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলা স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় মাদারীপুর কলেজ রোড ক্রীড়াচক্র ও চরমুগুরিয়া স্পোর্টিং ক্লাব। মাঠের তীব্র লড়াইয়ে নির্ধারিত ৮০ মিনিটে কোনো দলই গোলের দেখা না পাওয়ায় ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। সেখানে ৬-৫ গোলের ব্যবধানে রোমাঞ্চকর জয় তুলে নেয় চরমুগুরিয়া স্পোর্টিং ক্লাব।

ফুটবল ম্যাচটিকে ঘিরে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। জেলার বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো ফুটবলপ্রেমী স্টেডিয়ামে উপস্থিত হয়ে দেশি-বিদেশি খেলোয়াড়দের চমৎকার নৈপুণ্য উপভোগ করেন। দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে পুরো স্টেডিয়াম মুখর হয়ে ওঠে। আয়োজকরা জানান, টুর্নামেন্টে মাদারীপুর জেলার মোট ছয়টি দল অংশগ্রহণ করছে। আগামী ৩০ জুন এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, “ক্রীড়াচর্চা তরুণ সমাজকে সুস্থ, শৃঙ্খলাবোধসম্পন্ন ও ইতিবাচক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণদের মাদক ও অবক্ষয় থেকে দূরে রাখতে এ ধরনের ফুটবল টুর্নামেন্টের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকা উচিত।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মর্জিনা আক্তার, সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ডা. মো. গোলাম সারোয়ার এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মর্তুজা আলম ঢালী। এ সময় জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, মো. হাবিবুর রহমান ও ওয়াদিয়া শাবাবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, মাদারীপুর জেলার ফুটবলের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, দেশি-বিদেশি খেলোয়াড়দের সমন্বয়ে খেলার মান বাড়ানো এবং স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করাই এই টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য।

জেএইচআর