ফেনীতে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু

ফেনী প্রতিনিধি প্রকাশিত: জুন ২৭, ২০২৬, ১০:৫০ এএম
ফেনীতে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু

ফেনীতে পৃথক দুটি স্থানে ট্রেনে কাটা পড়ে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনী শহরের নাজির রোড ও সদর উপজেলার শর্শদী ইউনিয়নে এই দুর্ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলেন- ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের মধ্যম শিলুয়া গ্রামের রেজিয়া বেগম (৬০) এবং ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের গজারিয়াকান্দি গ্রামের আবু সুফিয়ান তোরাদ (২২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ট্রেনটি ফেনী রেলস্টেশন অতিক্রম করার পর সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে শহরের নাজির রোড এলাকায় রেজিয়া বেগম কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

অন্যদিকে, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ‘পাহাড়িকা এক্সপ্রেস’ ট্রেনটি ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের ফতেহপুর এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত আবু সুফিয়ান তোরাদ ট্রেনে কাটা পড়েন এবং ঘটনাস্থলেই প্রাণ হারান।

ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জেএইচআর